অবাক লাগে, অবাক লাগে
// অবাক লাগে, অবাক লাগে//
বহুরূপীর রঙ্গ সাজ দেখে ,
অবাক লাগে, অবাক লাগে,
আজও অবাক লাগে ।
দেখ, দেখ, রূপ আর রূপ,
মানুষের ভেতর মানুষ,
মুখোশের আড়ালে মুখোশ,
একই অঙ্গে এতো রূপ।
তাকে দেখেছি আমি,
সূর্যোদয়ে গঙ্গাতীরে প্রাতভ্রমনে,
চায়ের পেয়ালা হাতে বারান্দাতে,
খবরের কাগজের হেডলাইনে,
থলে হাতে বাজারের পথে।
দেখেছি তাকে কলম পিষতে,
আপিসের ফাইলে মুখ গুঁজে,
বিরতিতে, পেছনের গলিতে,
খাবারের থালায় হামলে পড়তে।
দেখেছি তাকে কাজের পরে,
আপিস ভেরত ভিড়ের বাসে,
ঝুলন্ত দেহে দরজার হাতলে।
দেখেছি তাকে রাতের গভীরে,
রং তুলি হাতে দেয়াল লিখনে।
দেখেছি তাকে শহুরে পথে পথে,
পা মেলাতে দলিয় পতাকা হাতে,
শ্লোগানে শ্লোগানে জন জাগরণে ।
আবার দেখেছি তাকে,
নাটকের মহড়ায়,
ছৌঁ নাচে , ছৌঁ নাচে,
কখনও রাজ বেশে,
কখনও বা রাক্ষস সাজে।
আমিও গোপনে দেখেছি তাকে,
গোপন ডেরায় বৈপ্লবিক বৈঠকে,
ভয়ঙ্কর অনুশাসনে অনুশীলনে,
সামরিক সাজে,
মারণাস্ত্র হাতে।
অবাক হয়ে দেখেছি তাকে,
বসন্তের বিকেলে,
ঘাসের নরমে, আয়েশে,
ছাতিম গাছের নীচে,
চোখের তারায় তারায়,
ভেসে যেতে আবেগে,
হাতে হাত রেখে গানে গানে।
অবাক লাগে, অবাক লাগে,
আজও অবাক লাগে।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন