স্বপ্নীল সুখ
ঝমঝমিয়ে ঝরছে বৃষ্টি বাইরে ,
অবিরাম বর্ষণে, রাস্তার পিচের পিঠে
ছুটছে জল, বিন্যাসে অফুরন্ত ঢেউ,
ঘরের দেয়াল টানা কাঁচে ,
বাইছে বর্ষার ঘাম, গুটি গুটি গায়ে,
আমি আবছা কাঁচের ভেতর
দৃষ্টি মেলেছি বাইরে,
দেখছি জলছবি।
এখন এখানে অনেক রাত,
পাশে তুমি নেই,
গতরে আলগা আমি,
ভাসছে কাগজের নাও
বেজায় বেসামাল বানভাসি জলে,
থেকে থেকে খাচ্ছে পাক উল্টো চালে,
ছুটছে দুরন্ত স্রোতের সঙ্গী হয়ে
কার কি বার্তা বয়ে চলেছে সে,
কে জানে?
তোমাকে হারাচ্ছি আমি ক্ষনে ক্ষনে,
তুমিও কি ভাবছো তেমনি?
উল্টো দিকের তিনতলার ঘরের
আলোটা জ্বললো,
আমার ঘরে আমায় ঘিরে
ঘুটঘুটে অন্ধকার,
মাঝে মাঝে রাস্তার মাথায়
বিজ্ঞাপনের লাল, নীল, সবুজ,
নিয়নের আলো
আঁধার কাড়ে আমার ঘরে,
আঁকরে ধরে আমাকে রঙিন বেশে।
কৈশোরের একপেশে ভালোবাসা
আজ ও নাড়া দিয়ে যায়
মনের গভীরের অনুভূতিতে,
অনেক বর্ষণ, অনেক বসন্ত,
গেছে পেরিয়ে, তবুও কি
রয়েছো তুমি তেমনি
যেমন ছিলে আমার বিগত কৈশোরে?
অপেক্ষায় আছি আজ ও,
শুনবো বলে,
না শোনা কথা, প্রত্যাশা ঘিরে,
ঘুরে ফেরে আমার চারপাশে,
অধরা যদি সে
রয়েই গেল চিরকাল
থাকনা, ক্ষতি কি তাতে,
এইতো আছি, মস্তিতে আছি,
আনন্দে নাচছি, গাইছি,
চলছি, ফিরছি, ঘুরছি বেশ,
কাটছে দিন, কাটছে রাত,
সঙ্গে নিয়ে সুখের রেশ।
ঝিঁঝির কলতান কানে বাজে,
শান্ত মাটির সোঁদা
গন্ধ ভেসে আসে,
বৃষ্টি টা বোধহয় ধরেছে,
এখন গভীর ঘুম
আমার চোখের কোলে,
স্বপ্নীল সুখকে চাইছি জড়াতে,
এবার আমি ঘুমোবো, ঘুমোবো
নিশ্চিন্তে ঘুমোবো ।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন