এমন করে, কাটতেই তো পারে এ জীবন
// এমন করে, কাটতেই তো পারে এ জীবন //
এসোনা, আমরা এখন,
অভ্যাস করি এমনই,
ভুলে যেতে শৈশব, কৈশোর,
ভুলে যেতে যৌবন, বার্ধক্য।
কথোপকথন শুধু, এই মুহুর্ত নিয়ে,
বর্তমান বাতাবরণের চাঁদোয়ার নীচে,
কি হবে পেছনের বোঝা বয়ে,
অনন্ত নিশানায় দৃষ্টি মেলে?
যা গেছে ভাবছ তুমি, তা যাক,
ভাবছ যা আসবে, তাও থাক,
তাকিয়ে দেখ আকাশের দিকে
তারারা কেমন সেজেছে আয়েশে
বলাতো যাবেনা হলফ করে,
এমনই, আজ যারা জ্বালছে
আলো ওখানে, তারাই আবার
আসবে ফিরে সেখানে।
তার চেয়ে এই ভালো,
হাতে হাত রাখো,
ঋতু থেকে ঋতুর উত্তরণে,
ভাসতে থাকো
সূর্যমুখী সাজে
সূর্যের দিকে চেয়ে দেখো
ধরণীর র্যাম্পে রূপের লাবণ্যে
চলমান আকাশ ক্ষণে ক্ষণে
বেশ বদলে, কপালে গাঢ় টিপ তার।
ইন্দ্রিয়দের দাও দুলিয়ে অনায়াসে
আত্মিক আনন্দের সুখ সন্ধানে
দেখবে শুধুই তারুণ্য তোমার চারপাশে
হতাশার ছায়া নেই আর ধারে কাছে।
এমন করে,
কাটতেই তো পারে এ জীবন
তোমার, আমার, ওদের,
আরো সকলের উচ্ছাসে, উল্লাসে,
আবেগে, ক্ষতি কি তাতে?
এসো সমস্বরে সকলে
গলা উঁচিয়ে বলি
"উল্লাস, উল্লাস, উল্লাস"।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন