ধর্ম তাদের "বেওয়ারিশ"
// ধর্ম তাদের "বেওয়ারিশ"//
দেখা হয় দুজনায়,
দিনের শেষে,
গাড়ি বারান্দার নীচে,
খবরা খবরে জানাজানি,
কত পথ,
কত মত,
কত শ্রম,
কত সাশ্রয় ,
জুড়োয় জ্বালা জীবনের
গায়ে আপন গন্ধমাখা ফুটপাতে ,
ঝিমিয়ে আসে পায়ের শব্দ,
ফুটপাতের পাদানিতে,
তোলা আছে এ জনমের সম্পদ
সূতোপাটের পুটলিতে,
কড়ি বরগার আনাচে কানাচে ,
হেলে পড়ে মাথা গ্রানাইটের ব্লকে ,
নিরবচ্ছিন্ন বিশ্রাম অকাতরে ,
ওরাও স্বপ্ন দেখে,
কেউ বলছে ডেকে,
আর এক হাতা সুখ চাও কি?
উত্তর তাদের,
আজ নয়, বলব কাল,
ঘুম ভাঙ্গে ভোর রাতে,
পরিষেবা হোস পাইপের শব্দে ,
রাজত্বটা তার পথ জুড়ে ,
মলিন হতে চায় ম্লান ,
ভোরের আবেশে অক্লেশে ,
ঠিকানা তাদের দিনের আলোয়,
যত্র তত্র ,হট্ট মন্দিরে,
পাঁচ হাতি বসনে,
ওরা রাশি ,লগ্ন, শোনেনি কোনদিনও ,
গতর ভারী হলে চেয়ে দেখে আসমানে ,
কান্নার কোন প্লট নেই ওদের নাটকে,
লটকানো দিন হুক ছেড়ে দিলে,
শ্বববাহী গাড়ির সওয়ার
টানে ঠ্যাং ধরে,
ফুটপাতের সাথে গাল ঘষাঘষি ,
শেষের বিদায়, বেজায় আদরের,
এই প্রথম জমি ছেড়ে উঁচুতে শোয়া,
মর্গের স্ট্রেচারে ,লোক চক্ষুর আড়ালে ,
পুঁটলিতে মিলতে হবে ভাতৃত্বের বন্ধনে,
তারই মত আরো কারো কারো সাথে,
ধর্মের জড়াজড়ি আঁধ সেঁকা নাভিতে নাভিতে,
চিতার অট্টহাসি চুল্লিতে চেলাকাঠে,
শশ্মানের জাবেদায় আছে লেখা,
ধর্ম তাদের "বেওয়ারিশ "
কোন একদিন কানে কানে কেউ বলেছিল ,
মানুষের এমন ছবি,
"স্বীকৃত ভাষা আজ আন্তর্জাতিক"।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন