আমিত্ব
আমার আমিত্বকে নিয়ে
আমি আজ নাজেহাল, ব্যতিব্যস্ত, বেহাল,
অস্থির পায়চারি ঘর বার সারারাত।
মনে পরে আজও এমনই,
কৈশোরে, আমিত্ব এসেছিল অবেলায়
এলোমেলো গায়ে জীবনে আমার,
সাজের দর্পণে সেই প্রথম দেখা অবয়ব তার
আপাদমস্তক জুড়ে
শুধু অভিমান, শুধু অনুরাগ।
স্বজনের টালা আঁচে
টেলেছিল সে নিজেকে
ধীরে ধীরে সময়ের তালে।
যৌবনে তার পূর্ণ প্রকাশ
পেশীর সঞ্চালনে, নারীর আকর্ষণে,
আত্মবিশ্বাসে টইটুম্বুর জীবন
জড়িয়ে আষ্টেপিষ্টে অবাধ অহংকারে।
আমার আমিত্বের আস্ফালন
আকাশে, বাতাসে, বাজারে,
কাছারির সেরেস্তায়, মিছিলে,
মঞ্চে মঞ্চে জ্বালাময়ি বক্তৃতায়,
পরাস্ত হয়নি পুরুষত্ব কখনও।
পেড়িয়ে আসা বয়েসের শেষ ফলক,
হাত ধরাধরি করে, ছেড়ে গেছে
আমায় বার্ধক্যের গোসাঘরে।
অশক্ত শরীর হারিয়েছে আস্ফালন
সম্বল সেই লাঠি আর চশমা
যা এখন একান্ত আপন।
আমিত্ব আজও ছাড়েনি সঙ্গ আমার
এপাড়ায়, ওপাড়ায়,
মন্দিরে, মসজিদে, গীর্জায়,
বা কোন নির্জনতায়
যেখানেই ছেড়ে আসি তারে
ঘরে ফিরে দেখি রয়েছে সে
গোপনে ঘরেরই এক কোনে
যেমন ছিল সে আগে।
হুটারের শব্দে চেয়ে দেখি
কফিনে বন্দী উনি চলে গেলেন
আমিত্ব আর নেই সঙ্গে তার।
এ ভাবেইতো থেকে যেতে হয়
এ ভাবেইতো ছেড়ে যেতে হয় ।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন