ভালোবাসা
আকাশ কাঁধে
ঐ রূপোলি চাঁদ
হাতছানি দেয়
প্রতি রাতে,
ঢালে আঁচ
ভালোবাসার
আনাচে কানাচে
প্রস্ফুটিত যৌবনে,
রঙিন ওষ্ঠাধর ছুঁয়ে তার
উচ্চারিত ধ্বনি, সুর হয়ে
ভাসে বাতাসে,বলে
"ভালোবাসি,
তোমায় ভালোবাসি"।
চলমান তারারা
চুপিসারে বলে
প্রেমিক প্রেমিকার কানে কানে,
বসন্ত যে যায় পেরিয়ে,
চারিদিকে চেয়ে দেখো
প্রকৃতি কেমন সেজেছে আজ
বাহারি রঙিন ফুলের বেশে,
সম্মোহিত সুবাসে মুখরিত
সবাকার চারিধার,
হাতে হাত রাখ,
চাইলে চুম্বন আঁকতেই পারো
প্রেয়সীর কপালে,
আবেগভরে, বলতেই পারো
"ভালোবাসি,
তোমায় ভালোবাসি"।
ভরা যৌবন সম্মোহিত হতে চায়
"রজঃ - তমঃ" মায়ার মোহে,
বেসামাল হতেই পারো যখন তখন,
সাবধানে সামলে রেখো চলনকে,
লাগাম টানো মনে, চরন যুগলে,
তাল কেটোনা পদে পদে,
পা টিপে টিপে সময়
তুমি পেরোতেই পারো।
আজ যাকে ভাবছো আপন,
সে কি থাকবে তেমনি
তোমার পাশে সারাটা জীবন ?
পঞ্চেন্দ্রিয় যা তোমাকে
সঙ্গ দিয়েছে জন্ম থেকে জীবনে,
একে একে তারাও তো ছাড়বে
চিরতরে কায়াকে তোমার।
অনাত্মীয়দের কথা না হয় থাক,
কিন্তু, নিকট স্বজন ?, যেমন
পরম প্রিয় পিতা, মাতা, পুত্র, কন্যা,
আদরের ভ্রাতা, ভগ্নি,
অথবা অতি প্রিয় তোমার পত্নী,
সবাই আলগা করবে বাঁধন তাদের
শেষের দিনে তোমারই বিদায়কালে,
কয়েক ফোঁটা চোখের জল
মুছে দেবে চিরতরে
মনের মানস পটে স্বযত্নে লালিত
ভালোবাসার স্মৃতি ফলককে।
তবুও হয়তো বলবে,
"এই ক্ষণস্থায়ী জীবনে
উপচে পরা সুখ চাই,
ভরপুর ভালোবাসা চাই,
ভালোবাসায় সকলকে
আলিঙ্গনে বাঁধতে চাই"।
চাঁদের চাঁদোয়ার নীচে
সারা রাত তারাদের দিকে
রাত তারাদের দিকে
চেয়ে চেয়ে বলবে,
"তোমাদের সঙ্গী হতে চাই,
নেবে তো আমায় ?
আপন করে আগলে রাখবে ?
অনন্তকাল ভালোবাসবে ?
ভালোবাসবে তো? ।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন