মানুষ এবার অলস হবে
// মানুষ এবার অলস হবে //
সেদিনই এমনি ছিল,
রাজা ছিল, প্রজা ছিল
রাজত্ব ছিল,
সভা ছিল, সভাসদ ছিল,
সান্ত্রী ছিল, সৈন্য ছিল,
যুদ্ধ ছিল,
সেদিন এমনি ছিল ।
ছিল দেববিগ্রহ,
ছিল পূজারী,
ছিল সেবায়ীত।
ধর্ম ছিল,
শিষ্টাচার ছিল,
ভেদাভেদ ছিল,,
কর্ম অপকর্মের বিধান ছিল,
ছিলো শাসন, ছিলো শোষন
সেদিন এমনি ছিল ।
আপন ছন্দে বইতো নদী
দুকুল ছুঁয়ে দুষ্টুমিতে,
বাইতো মাঝি নাও টা তার
গলা ছেড়ে গানের তালে,
গ্রাম পেরিয়ে গ্রাম্য মানুষ,
যেতো ধেঁয়ে রুদ্ধশ্বাসে
গঞ্জের পথে পায়ে পায়ে
সখ আহ্লাদে ভাগ বসাতে
সুখের সখের পসরাতে,
সাজতে হবে সাজাতে হবে
উৎসবে আনন্দে মাততে হবে,
সেদিন এমনি ছিল ।
শরতের শিশির জড়ানো
ধান শিসের আল বেয়ে
বধূ বেশে চলেছে গ্রাম্য মেয়ে,
হাতে ধরা হাতল তার
ফুলকাটা টিনের তোরঙ্গের,
চোখে মুখে আকুলতা,
চেনা পুকুর, চেনা মাঠ,
চেনা নোয়ানো কাশফুল,
চেনা ঝিমানো সাদা বক,
চেনা কুড়েঘর, চেনা তালগাছ,
সেদিন এমনি ছিল ।
ঐ দেখা যায় পাঠশালা,
নামতা সেখানে ছড়ায়, ছড়ায়,
ছড়ি হাতে মাষ্টারমশাই
অঙ্ক শেখায়,
সংখ্যায় সংখ্যায় চলছে লড়াই,
মেধার মানে উতরোনো চাই,
সেদিন এমনি ছিল ।
পাল্টে গেছে প্রেক্ষাপট,
ঝাঁ চকচকে শহুরে হাতছানি,
দিবানিশি টানছে কাছে,
ব্রাত্য আমি বয়েস ভারে।
নতুন প্রজন্মের নতুন স্বাদ,
নতুন ভাবনা নতুন ভাণ,
সাজতে চাইছে সবাই রাজা,
সম্মতি নেই সাজতে প্রজা,
শক্তির অনুশীলনে চলছে লড়াই,
জলে স্থলে অন্তরীক্ষে,
বিষচ্ছে বায়ু, বিষচ্ছে পরিবেশ,
তুমি আমি আজ আছি
এইখানেই আছি,
কাল কোথায় কে জানে।
সূর্য চন্দ্র তারা
আজ ও আছে ঐ আকাশে,
কৃত্রিম বুদ্ধিমত্তায়
মত্ত মানব কূল,
মানুষ এবার অলস হবে,
ঈশ্বরের ভরসা বিদায় নেবে,
পারবে কি ওরা বদলাতে পথ
তাদেরও চলাচলের স্বাধিকারের?
ওরা চাইছে বুঝি এমনই
বিশ্বব্রহ্মাণ্ডের
তাবৎ কর্মকান্ডের
খোলনলচে বদলে দিতে,
এওকি হতে পারে?
এওকি সম্ভব?
ধৈর্য্য ধর বৎস, ধৈর্য্য ধর,
সবুরে মেওয়া ফলে,
সময়ই শেষ কথা শোনাবে,
শোনাবে, নিশ্চয়ই শোনাবে।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন